হবিগঞ্জে ২ পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ,নিহত-১, ১৪৪ ধারা জারি
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
হবিগঞ্জের নবীগঞ্জ শহরে তুচ্ছ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় টানা সাড়ে চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে একজন নিহত এবং প্রায় দেড় শতাধিক লোক আহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং কমপক্ষে ১০টি দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
সোমবার (৭ জুলাই) দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত শহরের মধ্যবাজার, শেরপুর রোড ও হাসপাতাল সড়কজুড়ে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর এবং অগ্নিসংযোগ চলে।
নিহত ব্যক্তির নাম ফারুক মিয়া (৩৮)। তিনি পূর্ব তিমিরপুর গ্রামের আওয়াল মিয়ার ছেলে এবং পেশায় অ্যাম্বুলেন্স চালক।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।