হরমুজ প্রণালি অতিক্রম করতে পারল না ‘বাংলার জয়যাত্রা’

চট্টগ্রাম প্রতিনিধি:
হরমুজ প্রণালি অতিক্রম করতে পারল না ‘বাংলার জয়যাত্রা’। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর ত্যাগ করলেও ৩১ নাবিক নিয়ে এবার আটকে পড়েছে শারজাহ বন্দরের অদূরে। জাহাজটির পরবর্তী গন্তব্য ছিল ভারতের মুম্বাই বন্দর। সেখানে যেতে হলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রম করতে হবে। তবে যুদ্ধ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে আছে। জাহাজটি আসার জন্য রওনা দিলেও আরব আমিরাতের কোস্টগার্ড সদস্যরা এ মুহূর্তে ওই পথে না যাওয়ার পরামর্শ দেন।

বিএসসি সূত্র জানিয়েছে, ‘এমভি বাংলার জয়যাত্রা’ জাহাজটি ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে পৌঁছায়। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে পরদিন ওই বন্দরের ১০ নম্বর জেটিতে ভেড়ে সেটি। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হলে পণ্য খালাস বিলম্বিত হয়। পরে পণ্য খালাস শুরু হয়ে বুধবার সম্পন্ন হয়।

পণ্য খালাসের পর পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য হরমুজ প্রণালির উদ্দেশ্যে রওনা দেয় এমভি বাংলার জয়যাত্রা। এরপর আরব আমিরাতের কোস্টগার্ড সদস্যরা এ মুহূর্তে ঝুঁকিপূর্ণ ওই নৌপথ অতিক্রম না করার জন্য পরামর্শ দিলে জাহাজটি ফিরে আসে। বর্তমানে এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি শারজাহ বন্দর সীমার ৮০ নটিক্যাল মাইল দূরে নোঙর করে বসে আছে বলে জানিয়েছেন বিএসসির কর্মকর্তারা।

শিরোনাম