হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি তেল পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই জলপথ দিয়ে কোনও জাহাজ চলাচলের চেষ্টা করলে তা ‘জ্বালিয়ে দেওয়া’ হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডারের উপদেষ্টা ইব্রাহিম জব্বারি বলেন, হরমুজ প্রণালি এখন বন্ধ। যদি কেউ এটি অতিক্রম করার চেষ্টা করে, তবে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর বীরেরা সেই জাহাজগুলোতে আগুন ধরিয়ে দেবে। শনিবার থেকেই এই রুটটি বন্ধের কথা জানিয়ে আসছিল আইআরজিসি। তবে সোমবারের এই বক্তব্যকে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আসা সবচেয়ে কঠোর হুমকি হিসেবে দেখা হচ্ছে। ইরান হরমুজ প্রণালি বন্ধের দাবি করলেও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ভিন্ন তথ্য দিয়েছে। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর মতে প্রণালিটি এখনও সচল রয়েছে।

এদিকে সোমবার সকালেই আইআরজিসি দাবি করেছে, তারা হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট একটি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, আমেরিকান মিত্রদের অন্যতম ট্যাঙ্কার আথে নোভা দুটি ড্রোন হামলার শিকার হওয়ার পর এখনও জ্বলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি তেহরানের।

শিরোনাম