আন্তর্জাতিক ডেস্ক:
হলোং গাছের আশচর্য ‘হেলিকপ্টার ফল’। গ্রীষ্মের দিনে বনের মাঝে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে হঠাৎ মনে হতে পারে, ছোট ছোট ড্রোনের ঝাঁক যেন চারপাশ থেকে ঘুরতে ঘুরতে নিচে নেমে আসছে। তবে এগুলো মানুষের তৈরি কোনও ড্রোন নয়; এগুলো হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলের অন্যতম সুউচ্চ গাছ হলোংয়ের ডানাযুক্ত ফল। মাটিতে পড়ার সময় এই ফলগুলো হেলিকপ্টারের পাখার মতো অনবরত ঘুরতে থাকে, যা প্রকৃতির লাখ লাখ বছরের বিবর্তন এবং টিকে থাকার এক অসাধারণ কৌশল।
বৈজ্ঞানিক নাম ডিপ্টেরোকারপাস রেটুসাস হলেও এটি মূলত ‘হলোং’ গাছ নামেই পরিচিত। প্রায় ৬০ মিটার পর্যন্ত উঁচু ও মজবুত এই গাছটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আদিবাসী সম্প্রদায় অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে এবং বিভিন্ন সংস্কৃতিতে এটি নানা পৌরাণিক গল্প ও আচার-অনুষ্ঠানের সঙ্গে জড়িত। শিল্পক্ষেত্রে এর উচ্চমানের কাঠ ঘরবাড়ি নির্মাণ, আসবাবপত্র ও নৌকা তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও, এর প্রাকৃতি বাসস্থান বা বনাঞ্চলের বাইরে খুব কম মানুষই এই গাছের বীজ বিস্তারের চমৎকার কৌশল সম্পর্কে জানেন।