ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাটের দক্ষিণ ঘোষবেড় গ্রামে রহিমা খাতুন (৪৫) নামে এক নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তারই দেবর আজহারুল (৪০)। গতকাল দুপুর আড়াইটার দিকে বিদ্যুতের লাইন নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মাসখানেক ধরে বিদ্যুতের লাইন নামানো নিয়ে তাদের মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। তারই ধারাবাহিকতায় গতকাল নতুন করে তাদের মাঝে আবারো ঝগড়া ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেবর আজহারুলের হাতে থাকা কুড়াল দিয়ে আঘাত করে রহিমার হাত ভেঙে ফেলে। পরে মাথায় কোপ দেয়। তৎক্ষণিক অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান রহিমা। খবর পেয়ে হালুয়াঘাট ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার ও ওসি মো. মাহবুবুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দেবর আজহারুলকে আটক করে। জানতে চাইলে হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার বলেন, প্রাথমিকভাবে খুন হয়েছে এ মর্মে মামলা রুজু হবে।
অভিযুক্ত দেবরকে আটকের সত্যতা নিশ্চিত করেন তিনি।