হেলমেট পরে ও ঢাল নিয়ে দুই গ্রামবাসীর কয়েক ঘণ্টার সংঘর্ষ,আহত-২৫
বিশেষ প্রতিনিধিঃ
হেলমেট পরে ও ঢাল নিয়ে দুই গ্রামবাসীর কয়েক ঘণ্টার সংঘর্ষ,আহত-২৫। ফরিদপুরের ভাঙ্গায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন লোক আহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) বিকাল ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে। এ সংঘর্ষে অনেক ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় পুলিশ পিছু হটে চলে দূরে দাঁড়িয়ে থাকে।
সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র ঢাল, সুরকি, কালি, কাতরা, টেঁটা ও সড়কের ইট ভেঙে মাথায় হেলমেট পরে উভয় গ্রুপ সড়কের দুই পাশে দুই ঘণ্টাব্যাপী মুখোমুখি সংঘর্ষে লিপ্ত থাকে। সংঘর্ষে ইট ও দেশীয় অস্ত্রের আঘাতে ২৫ জনের বেশি গ্রামবাসী আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরিস্থিতি বেগতিক দেখে আমরা পিছু হটি। পরে শান্ত করি।