১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
শেরপুর প্রতিনিধি:
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অন্যদিকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান (কাঁচি) ৪৮০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পোস্টাল ভোটসহ মোট ১২৯ কেন্দ্রের প্রাপ্ত ফল গণনা শেষে এগিয়ে থাকায় বেসরকারিভাবে ধানের শীষকে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।