বিশেষ প্রতিনিধিঃ
২৯ বছর পর অপমৃত্যুর মামলাটি হয়ে গেলো হত্যা মামলা। ২৯ বছর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেনের ভাড়া বাসায় ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় রমনা থানায় মামলা হয়। সেই মামলায় তিন ধরনের তদন্ত হয়। সব তদন্ত শেষে আত্মহত্যা হিসেবে বিষয়টি উল্লেখ করা হয়।
সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি দিয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী মামলাটি রিভিশনের আবেদন করেন। দীর্ঘ প্রায় চার বছর পর সোমবার (২০ অক্টোবর) রিভিশন আবেদন মঞ্জুর হয়। অপমৃত্যুর মামলাটিকে হত্যা মামলা হিসেবে অভিযোগ গ্রহণের নির্দেশ দেন আদালত।