৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও তোকে সবার সামনে গুলি করে মারবো
নিজস্ব প্রতিবেদক:
৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও তোকে সবার সামনে গুলি করে মারবো। তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে মেরেছি। ৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও আমি ইমন তোর ঘরে ঢুকবো। তোর অস্তিত্ব রাখবো না। তোকে মেরে ফেলবো।
চট্টগ্রামে এভাবেই আজিজ উদ্দিন নামে এক বিএনপি নেতার মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে হুমকির অডিও। হুমকি পাওয়া আজিজ উদ্দিন নগরের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও) আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণায় গত বছরের ৫ নভেম্বর গুলিতে নিহত সরোয়ার হোসেন ওরফে বাবলার ছোট ভাই।
গত রবিবার তার হোয়াটসঅ্যাপে হুমকির এই অডিও পাঠানো হয় বলে পুলিশকে জানিয়েছেন। আজিজের দাবি, হুমকি দেওয়া ব্যক্তি চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ইমন। মোবারক চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ডান হাত হিসেবে পরিচিত। চট্টগ্রামে খুন, চাঁদাবাজি ও প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনায় ঘুরেফিরে তার নাম আসছে। কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ।