নিজস্ব প্রতিনিধিঃ
৫ আগস্টের পর থেকে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আচমকা বদলে যাচ্ছে ঢাকার অপরাধ জগৎ। খুনখারাবি থেকে শুরু করে চাঁদাবাজি, ছিনতাই, দখল, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের উৎপাত সবই মাথাচাড়া দিয়ে উঠেছে। রাজধানীর অলিগলি থেকে শুরু করে রাজপথ, সরকারি অফিস, পোশাক খাত সর্বত্রই চলছে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা। পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে সন্ত্রাসীরা নিজেদের অবস্থান জানান দিচ্ছে। পুরাতন চক্রের পাশাপাশি নতুন নতুন গ্যাং তৈরি হচ্ছে। এলাকায় এলাকায় কিশোর গ্যাংয়ের প্রভাব বেড়েছে। ছোটখাটো ঘটনায়ও এখন প্রকাশ্য অস্ত্রের প্রদর্শন করা হচ্ছে। ছিনতাইয়ের মতো ঘটনা নগরবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানা, গোয়েন্দা পুলিশের বিভিন্ন টিম, র্যাব প্রায়ই ছিনতাইকারীদের গ্রেপ্তার করছে। কিন্তু ছিনতাইকারীরা কিছুদিন জেল খেটে জামিনে বের হয়ে ফের একই অপরাধে জড়াচ্ছে। এ ছাড়া চিহ্নিত ছিনতাইকারীদের নাগাল পাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নজরদারির বাইরে আছে পটপরিবর্তনের পর জামিনে মুক্তি পাওয়া ১১ শীর্ষ সন্ত্রাসী। প্রতিটি এলাকার সরকারি অফিসে অফিসে গিয়ে টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করছে সন্ত্রাসীরা। বেপরোয়া হয়েছে চিহ্নিত ও নয়া চাঁদাবাজরা। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ী, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফুটপাথসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে দেদারছে চাঁদাবাজি হচ্ছে।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার অপরাধ জগত হঠাৎ করেই উত্তপ্ত হয়েছে। ৫ই আগস্টের আগের চেয়ে পরের চিত্র পুরো উল্টো। এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত সরকার পতনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ, র্যাব বড় ধাক্কা খায়। থানায় হামলা, পুলিশ সদস্যদের মারধর, হত্যাসহ নানা অপ্রীতিকর ঘটনায় মনোবল হারায় পুলিশ। পুলিশশূন্য হয়ে পড়ে থানাগুলো। পুলিশের কনস্টেবল থেকে শুরু করে বড় বড় কর্মকর্তারা পালিয়ে যায়। তবে পরে পুলিশ কর্মস্থলে ফিরলেও কাজে মনোযোগ ছিল কম। দীর্ঘদিন ধরে ঢাকার অপরাধ জগত নিয়ে বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তাদের ঢাকার বাইরে বদলি করা হয়। তাদের স্থলে নতুন নতুন কর্মকর্তা এসেছেন। তাদের অনেকেরই ঢাকার অপরাধী, অপরাধ জগত নিয়ে ধারণা নাই। এ ছাড়া জামিনে মুক্তি পায় ঢাকার নামকরা শীর্ষ সন্ত্রাসীরা। মূলত পুলিশের অনুপস্থিতি ও শীর্ষ সন্ত্রাসীদের জামিন এবং দেশের বিভিন্ন কারাগার থেকে দাগী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও জঙ্গি আসামিদের পালিয়ে যাওয়ার কারণে পরিস্থিতি পাল্টে যায়। পুকিশ বলছে,এসব অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।