সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
৮০ টাকার ওপরে সবজি দাম, বেড়েছে ডিমের দামও।মাছ-মাংসের দাম নাগালের বাইরেই বলা চলে। এ কারণে সাধারণ মানুষের ভরসার জায়গা ছিল সবজি। সেই সবজির দামও লাগামহীন। বাজারে বেশির ভাগ সবজির কেজি এখন ৮০ টাকার ওপরে। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে আরও ১০ টাকা বেড়েছে। পেঁয়াজ ও কাঁচা মরিচ আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। বিরাজ করছে চাপা ক্ষোভ।
শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর কাপ্তান বাজার ও ঠাটারি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। সরেজমিন দেখা যায়, তিন সপ্তাহ ধরে সবজির বাজার ঊর্ধ্বমুখী। ৪০ থেকে ৫০ টাকার অধিকাংশ সবজির দাম বর্তমানে দ্বিগুণ। দুই সপ্তাহ ধরে গোল বেগুনের কেজি ১৬০ থেকে ১৮০ টাকা, আর লম্বা বেগুন ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০ থেকে ৬০ টাকা কেজির ঢ্যাঁড়স ১০০ টাকা। ৬০ টাকার ঝিঙা, ধুন্দুল, চিচিঙ্গা, পটোল, কচুরমুখী এখন ৮০ টাকা কেজি। ৮০ টাকার কাঁকরোল ১০০ টাকা, ৪০ টাকার কুমড়ো ৫০ টাকায় পৌঁছেছে। গত সপ্তাহের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে বরবটি, কচুর লতি। পণ্য দুটির দাম ৮০ টাকা। এছাড়া টমেটো ১৬০, গাজর ১২০, পেঁপে ৩০, আলু ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে কিছুটা দাম কমেছে শসার। ১২০ টাকার দেশি শসা বর্তমানে ৮০ আর হাইব্রিড ৬০ টাকা কেজি। গত দুই সপ্তাহ ধরে ২০০ থেকে আড়াইশ’ টাকার কাঁচা মরিচ এ সপ্তাহে মিলছে ১৮০ থেকে ২০০ টাকায়। গত সপ্তাহের ১৮০ থেকে ২০০ টাকার কাঁচা মরিচের কেজি এখন ২০০ থেকে ২৪০ টাকা।