আন্তর্জাতিক ডেস্ক:
৯ বছরের মেয়েকে করাত দিয়ে কেটে হত্যা করলেন বাবা। ভারতের পুনের দৌন্দ তালুকার দেউলগাঁও রাজে গ্রামে ঘটে গেছে এক নৃশংস ও রোমহর্ষক হত্যাকাণ্ড। ক্লাসে সৎ ভাইয়ের প্রথম হওয়ার মার্কশিটে কারসাজি করার অভিযোগে নিজের ৯ বছর বয়সী কন্যাসন্তানকে ইলেকট্রিক করাত (চেইনসো) দিয়ে হত্যা করেছেন বাবা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবার নাম শান্তারাম দুর্যোধন চভান। এই হত্যাকাণ্ডে সহযোগিতা এবং তথ্য গোপনের অভিযোগে শান্তারামের স্ত্রী চিঙ্কি ভোঁসলেকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশি তদন্তে জানা গেছে, ঘটনার মূলে ছিল স্কুলের পরীক্ষার ফলাফল। পরীক্ষায় মেয়েটি ক্লাসে দ্বিতীয় হয়েছিল এবং তার সৎ ভাই হয়েছিল প্রথম। ভাইয়ের এই সাফল্য মেনে নিতে না পেরে মেয়েটি তার ভাইয়ের মার্কশিটে কাটছাঁট করে। এই বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন শান্তারাম। রাগের মাথায় তিনি ইলেক্ট্রিক করাত নিয়ে নিজের মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়েন। করাতের আঘাতে শিশুটি ঘটনাস্থলেই প্রাণ হারায়।