সংবাদ জমিন,অনলাইন ডেস্ক:
ছোট পর্দা ও চলচ্চিত্রে ছোট ছোট কমেডি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন দর্শকদের আনন্দ দিয়ে আসছেন অভিনেতা শামীম হোসেন। তবে বর্তমানে কাজের অভাবে কঠিন সময় পার করছেন তিনি। এমনকি অর্থকষ্টের মধ্যেও দিন কাটাতে হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেতা। বুধবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ভিডিওতে অশ্রুসিক্ত কণ্ঠে শামীম হোসেন জানান, পবিত্র রমজান মাসের প্রায় ১৪ দিন পার হয়ে গেলেও তার হাতে কোনো কাজ নেই। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও কাজ না থাকায় মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন তিনি।
ভিডিওতে তিনি বলেন, কাজ ছাড়া দীর্ঘ সময় বসে থাকলে মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। প্রতি মাসে পরিবারের জন্য একটি নির্দিষ্ট আয়ের লক্ষ্য থাকে, আত্মীয়স্বজনের দায়িত্বও রয়েছে। কিন্তু কাজ না থাকায় সেই লক্ষ্য পূরণ করা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে তিনি দুশ্চিন্তায় ভুগছেন বলেও জানান। আবেগঘন সেই ভিডিও বার্তায় শামীম বলেন, “কাজ না থাকলে কখনো কখনো মনে হয় টেনশনে পাগল হয়ে যাব। পাশে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আমারসহ সবার রিজিকে বরকত দেন।”
এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের কষ্টের কথা তুলে ধরেন এই অভিনেতা। সেখানে তিনি লিখেছিলেন, “আমরা মধ্যবিত্ত পরিবার।
তাই জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকি- কেউ যদি কোনো কাজে ডাকে, কেউ যদি পাশে এসে দাঁড়ায়। অভাব কী জিনিস, আজ সত্যিই বুঝতে পারছি ভাই।” অভিনয়জীবনের আগে শামীম হোসেনের সংগ্রামের গল্প আরও কঠিন ছিল। প্রায় দুই দশক আগে জীবিকার তাগিদে দিনমজুর হিসেবে কুলিগিরি, রিকশা চালানোসহ বিভিন্ন কাজ করেছেন তিনি।
১৯৯৭ সালে ঢাকার বেইলি রোডে মহিলা সমিতির কার্যালয়ে পিয়নের চাকরি নেওয়ার মধ্য দিয়ে তার জীবনে আসে নতুন মোড়। সেখান থেকেই অভিনয়ের জগতে প্রবেশের সুযোগ পান তিনি। অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি-র আহ্বানে ‘বন্ধন’ নাটকে কয়েকটি দৃশ্যে অভিনয়ের সুযোগ পান শামীম। সেই ছোট সুযোগই পরবর্তীতে তার অভিনয় ক্যারিয়ারের ভিত্তি গড়ে দেয়। এরপর ধীরে ধীরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে শুরু করেন তিনি। এখন পর্যন্ত হাজারের বেশি নাটক এবং দুই ডজনেরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন শামীম হোসেন। বেশিরভাগ সময়ই তিনি ছোট ছোট কমেডি চরিত্রে অভিনয় করে দর্শকদের বিনোদন দিয়েছেন এবং দর্শকমহলে আলাদা পরিচিতি তৈরি করেছেন।
তবে দীর্ঘ ক্যারিয়ার থাকা সত্ত্বেও বর্তমানে কাজের সংকটে পড়েছেন এই অভিনেতা। শিল্পীদের অনিশ্চিত জীবন ও কাজের অভাবের বিষয়টি আবারও সামনে এনে দিয়েছে তার এই আবেগঘন ভিডিও। তথ্যসূত্র-মানিকগঞ্জের দর্পন