মমতাজ বেগম এমপির ঋণ ও আয় কমলেও দামী গাড়ী ব্যবহার করেন ৩টি
সংবাদ জমিন ডেস্কঃ
মানিকগঞ্জ-২ আসনের এমপি কন্ঠশিল্পী মমতাজ বেগমের ঋণ ও আয় কমলেও গাড়ী ব্যবহার করেন ৩টি।তার মধ্যে ১ টি গাড়ীর দাম ১ কোটি ৩ লাখ ১২ হাজার টাকা,অন্য দুই গাড়ির একটি ৪৬ লাখ ২০ হাজার ও অন্যটি ২৪ লাখ টাকার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফ নামা থেকে জানা যায়,২০১৮ সালে মমতাজ বেগমের বার্ষিক আয় ছিল ৩৮ লাখ ৮৪ হাজার ২৭৬ টাকা,গত সংসদ নির্বাচনের সময় তাঁর সম্পদের আর্থিক মূল্য ছিল ১৪ কোটি ৯৪ লাখ ২৩ হাজার টাকা। তবে এবার কমে হয়েছে ১৪ কোটি ৬০ লাখ ৬৬ হাজার।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মমতাজের জমা আছে ১৮ লাখ ৮৫ হাজার ২১৮ টাকা। পুঁজিবাজারে ৩ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের শেয়ার আছে। এ ছাড়া সঞ্চয়পত্র আছে ৪৫ লাখ টাকার।
ঢাকার মহাখালীতে ৬ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের পাঁচতলা ভবন আছে মমতাজের। সিংগাইরে গ্রামের বাড়িতে আছে দোতলা বাড়ি, যেটির মূল্য দেখানো হয়েছে মাত্র ৫৭ লাখ ৫ হাজার টাকা।মমতাজ বেগমের ঋণ কমেছে। ২০১৮ সালে তাঁর ব্যাংকঋণ ছিল ৩ কোটি ৩৪ লাখ ১১ হাজার টাকা। এখন তা ২ কোটি ৮১ লাখ ৫৮ হাজার।
মমতাজের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা আছে। মামলা দুটি হয়েছে ভারতের আদালতে। দুটি মামলাই এখন বিচারাধীন।নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে এসব ব্যাপারে মমতাজের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।