কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ৯ বছর বয়সী শিশু বৃষ্টি আক্তার হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পিতা মো. আরজু মিয়া (৪২)কে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল কিশোরগঞ্জের আমলগ্রহণকারী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। কারাগারে থাকা আরজুকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনার পর শিশুটির মা ফাতেমা আক্তার (৩২) বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মো. আরজু মিয়ার নামোল্লেখ এবং অজ্ঞাত ১-২ জনকে আসামি করে মামলা করেছিলেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। মামলার অভিযোগে বলা হয়, আরজু ও ফাতেমা আক্তারের সংসারে ফাহিম (১২) নামে এক ছেলে এবং বৃষ্টি আক্তার ও জান্নাতুল (সাড়ে তিন বছর) নামে দুই মেয়ে সন্তান জন্ম নেয়। কিন্তু আরজু নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রীকে অত্যাচার, নির্যাতন ও মারপিট করতেন। দেড় বছর আগে ফাতেমা সন্তানদের নিয়ে পিতার বাড়িতে চলে যান। চার মাস আগে আরজু স্ত্রীকে তালাক দিলে দুই মেয়েকে ফাতেমার কাছে রেখে ছেলে ফাহিমকে নিয়ে যায়।
৪ঠা জানুয়ারি ফাতেমা তার কাজে চলে গেলে আরজু শ্বশুরবাড়িতে গিয়ে শীতের কাপড় কিনে দেয়ার কথা বলে দুই মেয়েকে নিয়ে যায়। পরে রাত সোয়া ১টার দিকে ফাতেমা খবর পান বৃষ্টিকে মেরে ফেলেছে এবং স্বামীকে বেঁধে রাখা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া জানান, আসামি আরজুকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।