ব্যারিস্টার সুমন মরা খোয়াই নদী পরিষ্কার করে সাঁতার কাটলেন!
নিজস্ব প্রতিনিধিঃ
সংসদ সদস্য নির্বাচিত হয়েই চমম দেখালেন ব্যারিস্টার সুমন। নিজ শহরের পরিত্যক্ত খোয়াই নদী পরিষ্কারে নেমেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। শুক্রবার সকাল থেকেই তিনি চুনারুঘাট পৌর এলাকায় পরিত্যক্ত খোয়াই নদীতে জমে থাকা দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার করেন। এতে সহায়তা করেন সারা দেশ থেকে আসা বিডি ক্লিনের শত শত স্বেচ্ছাসেবী। পরে বিকালে পরিষ্কার হওয়া নদীতে সাঁতার কাটের সুমন।
সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল পরিত্যক্ত খোয়াই নদীর ৫০ বছরের আবর্জনা পরিষ্কার করা। এটিকে জঞ্জালমুক্ত করে তিনি এখানে দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ করতে চান। তার দেয়া প্রতিশ্রুতি অনুসারে নিজে উপস্থিত থেকে তিনি এ মরা নদীকে পরিষ্কারের কাজ শুরু করেন। সুমনের আহ্বানে এ অভিযানে এলাকাবাসীর সঙ্গে যোগ দেন বিভিন্ন স্থান থেকে আসা শত শত বিডি ক্লিনের সদস্য । সকাল ৯টা থেকে দিনব্যাপী নদীটি পরিষ্কারে কাজ করছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রায় ৬৫০ জন কর্মী।
ব্যারিস্টার সুমন বলেন, এটি খোয়াই নদীর অংশ বিশেষ। প্রায় ৫০ বছর আগে চুনারুঘাট শহরকে বন্যার হাত থেকে রক্ষা করতে নদীর গতিপথ পরিবর্তন করা হয়। তখন থেকেই নদীর এ অংশটি পরিত্যক্ত হয়ে পড়ে।