ঘুষ নেয়ায় ২ দারোগা স্ট্যান্ড রিলিজ!

ডেস্ক রিপোর্টঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় বাদী-বিবাদীকে আটক করে ১৫ হাজার টাকা ঘুষ নেয়া সেই ২ পুলিশ কর্মকর্তাকে (এসআই) স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘুষ নেয়ার অভিযোগ ওঠায় এসআই আশরাফুল ইসলাম ও সাজ্জাদ হোসনকে তাৎক্ষণিকভাবে আজ (গতকাল) বদলীর আদেশ দেয়া হয়েছে। অনিয়মকারীদের কোন ছাড় নেই। একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে বিভাগীয় মামলা দিয়ে বিষয়টি তদন্ত করা হবে। আশরাফুলকে নোয়াখালীর হাতিয়া থানায় ও সাজ্জাদকে ভাসানচর থানায় বদলী করা হয়েছে। উল্লেখ্য, উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রুহুল আমিনের সঙ্গে প্রতিবেশী খোরশেদ আলমের সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নোয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে রুহুল মামলা করেন। আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। এরপর ২২শে জানুয়ারি খোরশেদ আলম ওই জমিতে কাজ করতে গেলে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থল থেকে বাদী-বিবাদীসহ ৪ জনকে আটক করে এসআই আশরাফুল।

এর আগে তাদের থানা থেকে ছেড়ে দেয়ার কথা বলে আশরাফুল ৫ হাজার এবং সাজ্জাদ ১০ হাজার টাকা ঘুষ নেন। কিন্তু তাদের ছেড়ে না দিয়ে আদালতে পাঠানো হয়। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার রাতে তাদের বাড়িতে ১৫ হাজার টাকা ফেরত দিয়ে যান পুলিশ কর্মকর্তারা।

শিরোনাম