সিংগাইরে পুলিশের সামনেই ৩ প্রতিবন্ধীর বাবাকে কুপিয়ে হত্যা করা হলো
কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামর্ত্তিা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে বিধবা মহিলা হত্যার কিছুদিন পার হতে না হতেই অপর মারামারির ঘটনায় প্রাণ গেল ৩ প্রতিবন্ধীর বাবার। পুলিশের সামনেই কুপিয়ে হত্যা করা হলো তাকে।
জানা গেছে, শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সিরাজপুর হাট ওরফে শিরু মিয়ার হাটের নিকটে আবুল কালামের নেতৃত্বে মিলন, জুবায়ের, আব্দুল আলীম, রাসেল, জব্বার, হারুনসহ ১২-১৪ জন ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষ শাহিনুর ও ফারুকের ওপর হামলা করে। এ সময় হামলাকারীদের দা এর কোপে এতে শাহিনুরের বাম পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং ফারুক গুরুতর জখম হয়।
হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।পুলিশের সামনেই বেপরোয়া হামলাকারীরা আটিপাড়া মসজিদের নিকটে ২য় দফা হামলা চালায়। এ হামলায় ব্যবসায়ী কুদ্দুস ও তার বোন জাবেদা আহত হন।এদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কুদ্দুস মারা যায়। রোববার(৪ ফেব্রুয়ারী)দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়
উপজেলার শান্তিপুর(বাঘুলি)তদন্তকেন্দ্রের এসআই আব্দুস সালাম বলেন,কোনোভাবেই পরিস্থিতি সামাল দিতে পারিনি।যা নিয়ন্ত্রণে আনতে গেলে অধিক ফোর্সের প্রয়োজন ছিল। আমাদের সেটা ছিল না।
এ ঘটনায় শাহানা ইসলাম নামে এক মহিলা বাদী হয়ে ১ম দফা হামলার ঘটনায় আবুল কালামকে প্রধান আসামী করে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে ১০-১২ জনকে। ১ম দফা হামলার-মামলার ১০ নং আসামী মৃত রতনের ছেলে হারুনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।ওসি জিয়ারুল ইসলাম সংবাদ জমিনকে জানান, ২য় দফার হামলার ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।