চালককে হত্যার পর লাশ পুড়িয়ে অটোরিকশা ছিনতাই, ঘাতক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে চালককে হত্যার পর আগুনে লাশ পুড়িয়ে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ।

গতকাল বিকালে জেলা পুলিশ কার্যালয়ে গ্রেপ্তারকৃত হত্যাকাণ্ডের মূলহোতা জয়নালকে সামনে রেখে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার আক্তার হোসেন। নিহত অটোরিকশাচালক উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামের শের আলীর ছেলে। গ্রেপ্তারকৃত আসামি জয়নাল বানিয়াচংয়ের সুজাতপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত ৭ই ফেব্রুয়ারি জয়নাল ও তার সহযোগীরা সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে বানিয়াচংয়ের চণ্ডিপুর হাওরে চালক রোমান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুুপিয়ে হত্যা করে। পরে খুনের আলামত নষ্ট করতে কেরোসিন ঢেলে তার লাশ পুড়িয়ে দেয়া হয়। পরে তারা সিএনজি অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ১০ই ফেব্রুয়ারি নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ১২ই ফেব্রুয়ারি হত্যার মূল ঘাতক জয়নালকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া বর্ণনামতে হত্যায় ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

শিরোনাম