কুমিল্লা সিটি করপোরেশনে সাক্কুর সমর্থকদের উপর হামলার অভিযোগ
নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও দু’বারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে একের পর এক হামলা, বিভিন্নস্থানে কর্মীদের মারধর এবং পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। নির্বাচনকে সামনে রেখে টেবিল ঘড়ি প্রতীকের গণজোয়ার ঠেকাতে মরিয়া চেষ্টার অংশ হিসেবে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা এসব কর্মকাণ্ড ঘটাচ্ছেন বলে অভিযোগ করেছেন মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ও তার সমর্থকরা।
তারা বলছেন, ভোটের দিন যতই ঘনিয়ে আসছে- মনিরুল হক সাক্কুর পক্ষে ততই গণজোয়ার সৃষ্টি হচ্ছে। প্রতিটি উঠান বৈঠক ও গণসংযোগে সাধারণ ভোটারদের ঢল নামছে। এসব দেখে প্রতিপক্ষ প্রার্থী ও তার সমর্থকদের মাথা নষ্ট হয়ে গেছে। এই গণজোয়ার ঠেকাতে তারা উঠেপড়ে লেগেছে। এজন্য একের পর এক হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ গত সোমবার বিকালে নগরীর বাগিচাগাঁও এলাকায় উঠান বৈঠকে ককটেল বিস্ফোরণ ও রেইসকোর্স এলাকায় সাক্কুর মালিকানাধীন রেডরুফ-ইন হোটেলে হামলা চালিয়ে অন্তত ৪ জনকে আহত করা হয়েছে।
এর আগে নগরীর ১৫নং ওয়ার্ড, ৬নং ওয়ার্ড ও ২নং ওয়ার্ড এলাকায়ও হামলা ও মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনায় উল্টো সাক্কু সমর্থকদের বিরুদ্ধে মামলা দেয়ার চেষ্টা চলছে।