জেল থেকে জামিনে আসা সেই শীর্ষ সন্ত্রাসী নয়ন নিহত হওয়ায় গফরগাঁওয়ে আনন্দ মিছিল

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি রবিউল ইসলাম নয়ন নিহত হওয়ার ঘটনায় স্থানীয়রা আনন্দ মিছিল করেছেন। এ ঘটনায় নিরীহ মানুষসহ ইউনিয়নের জনপ্রনিধি, নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হয় সেই দাবিতে প্রায় ১০ হাজার লোক মানববন্ধন করে। ‘রাওনা ইউনিয়নবাসী’র উদ্যোগে গফরগাঁও-ভালুকা সড়কে গতকাল সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ভারইল বাজার থেকে শিবগঞ্জ বাজার পর্যন্ত সাত কিলোমিটার লম্বা মানববন্ধনে প্রায় ১০ হাজার লোক অংশ নেয়। সকাল থেকেই রাওনা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার লোক সন্ত্রাসী নয়ন নিহত হওয়ায় স্বস্তি, শুকরিয়ার ফেস্টুন, ব্যানার নিয়ে আনন্দ মিছিল সহকারে বিভিন্ন স্পটে জমায়েত হয়। মানববন্ধনে রাওনা গ্রামের সুফিয়া আক্তার সুমি বলেন, তার স্বামী হুমায়ূন কবীর হত্যা মামলার প্রধান আসামি নয়ন জামিনে এসে মামলা আপস করার জন্য আমাকে চাপ দেয়। আপস না করলে আমাকে তুলে নিয়ে ধর্ষণ ও আমার শিশু সন্তানদের খুন করার হুমকি দেয়। নয়নের ভয়ে আমি আমার শিশু সন্তানসহ এলাকা ছাড়া ছিলাম।

বীর মুক্তিযোদ্ধা দুলাল মিয়া বলেন, আমার মুক্তিযোদ্ধা ভাতার মধ্যেও নয়ন চাঁদা দাবি করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, নয়ন ও তার বাহিনীর হাতে রাওনা ইউনিয়নের কোনো মানুষ নিরাপদ ছিল না। নয়ন বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার এ ইউনিয়নের শত শত লোক।

এই সন্ত্রাসী বাহিনীর হাতে ধর্ষণের শিকার অনেক নারী। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আশরাফুজ্জামান, জহিরুল হক তুহীন, সাদেকুর রহমান সুজন, আব্দুল জলিল, জয়নাল আবেদীন, আব্দুল হান্নান প্রমুখ। গফরগাঁও থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি, তদন্ত চলছে। গত ৭ই মার্চ বৃহস্পতিবার রাত ৮টার দিকে নয়ন গফরগাঁও-ভালুকা সড়কের সালটিয়া ইউনিয়নের গণ্ডগ্রাম এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়। গত শুক্রবার ভোর পাঁচটার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নয়ন উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের মৃত শহর আলী মেম্বারের ছেলে। সে রাওনা গ্রামের হুমায়ূন কবীর হত্যা মামলার প্রধান আসামি ছিল। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। হত্যা মামলায় জামিনে এসে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, নানা অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শিরোনাম