মানিকগঞ্জ প্রতিনিধিঃ
ব্ল্যাঙ্ক চেকের পাতায় ৩৫ লাখ ৫০ হাজার টাকার বড় অঙ্ক বসিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করেছে ভূমি ব্যবসায়ী সোহরাব হোসেন নামের এক ব্যক্তি। উল্টো ভুক্তভোগী গোলাম মোস্তফার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়। ঘটনাটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়।
জানা গেছে, উপজেলায় রূপসী বাংলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. এর থেকে ঋণ গ্রহণকারী গোলাম মোস্তফার রাখা নিরাপত্তা জামানত (মর্টগেজ) ব্যাংকের খালি (ইষধহশ) চেকের বইয়ের পাতা প্রভাবশালী ভূমি ব্যবসায়ী সোহরাব হোসেনের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। আর ওই চেকের পাতায় ৩৫ লাখ ৫০ হাজার টাকা বসিয়ে উল্টো গোলাম মোস্তফার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছে। চেক জালিয়াতির ঘটনায় হতাশাগ্রস্ত থেকে পরবর্তীতে কয়েক দফা আত্মহননের চেষ্টাও চালায় মোস্তফা। হুমকি-ধামকি ও নিরাপত্তাহীনতায় অন্যের বাড়িতে রাত কাটাচ্ছেন তিনি। সমবায় প্রতিষ্ঠানের দাবি ঋণ পরিশোধ সাপেক্ষে চেকের পাতাটি দিয়েছে ঋণগ্রহীতা। কিন্তু দলিল দস্তাবেজ বলছে- যে তারিখে গায়েবি ঋণ পরিশোধের দাবি করা হচ্ছে তার ১২ দিন আগেই চেকের পাতাটি সোহরাবের কাছে চলে যায়। এ ঘটনায় গোলাম মোস্তফা মানিকগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা সমবায় অফিস, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৃথক অভিযোগ দায়ের করেছেন।