মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে এবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ফুফাতো ভাই চেয়ারম্যান প্রার্থী মো. ইসরাফিল হোসেন। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়।
এতে লিখিত বক্তব্যে ইসরাফিল হোসেন বলেন, মঙ্গলবার সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেককে জড়িয়ে বিভিন্ন বিভ্রান্তি, উদ্দেশ্যমূলক ও অসত্য তথ্য দিয়ে বক্তব্য দেন সুদেব কুমার সাহা। নির্বাচনে এমপি আমার পক্ষে ভোট চাওয়ার তথ্য সঠিক নয়। আমি সংসদ সদস্যের কোনো কর্মসূচিতে অংশ নেইনি। মন্ত্রী, এমপি’র ছেলেমেয়ে, স্ত্রী, আপন ভাইবোন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আমার ক্ষেত্রে দলীয় আইনগত কোনো বাধা নেই। এমপি জাহিদ মালেক দলের নির্দেশনা এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবগত। তা পালনে কোনো ব্যত্যয় ঘটেনি।