নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রবাসীর স্ত্রী-সন্তানদের হাত-পা বেঁধে মারধর করে জিম্মি করে আলমারি ভেঙে ২৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়। গতকাল ভোর রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইস্কা এলাকায় প্রবাসী হারিজ মিয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ ঘরের গেট খুলে ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ঘরে প্রবেশ করে তাকেসহ তার ছেলে ও মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় তার কাছে ঘরের আলমারির চাবি চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানালে শাবল ও লাঠি দিয়ে তাকেসহ তার সন্তানদের মারধর করে তাদের হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে ডাকাতরা আলমারি খুলে ২৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়। এদিকে ডাকাতির খবর পেয়ে শনিবার সকালে সহকারী পুলিশ সুপার ও রূপগঞ্জ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লুট হওয়া মালামাল ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।