আন্তর্জাতিক ফুটবল থেকে ডি মারিয়া অবসরে গেলেন

সংবাদ জমিন,স্পোর্টস ডেস্কঃ
আন্তর্জাতিক ফুটবলে ১৬ বছরের ক্যারিয়ারে কতো স্মৃতিই না জমা হয়েছে, বিদায়বেলায় সেই সব স্মৃতি এসে নিশ্চয়ই ভিড় করছে আনহেল ডি মারিয়ার মনে। আন্তর্জাতিক ফুটবলে কী পেলেন আর কী পেলেন না, সেই হিসাবও মেলাচ্ছেন। বিদায়ী ম্যাচের আগে ১৬ বছরের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে ডি মারিয়া নিজেই জানিয়েছেন তার চাওয়া আর পাওয়ার হিসাব। কোপা আমেরিকার পর লা ফিনালিসিমা জয়, তবু যেন অপূর্ণ ছিল মেসি-ডি মারিয়াদের ক্যারিয়ার! সেই পূর্ণতা আসে কাতার বিশ্বকাপ জিতে। এ কারণেই হয়তো বিদায়ের আগে চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে গিয়ে তৃপ্ত ডি মারিয়া লিখেছেন, ‘আমি যা চাইতে পারতাম, জীবন আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে।’ ১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৪৪ ম্যাচ খেলেছেন ডি মারিয়া। গোল করেছেন ৩১। এর মধ্যে হয়তো তার কাছে স্মরণীয় হয়ে থাকবে তিনটি গোল ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে তার একমাত্র গোলে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা, এরপর ২০২২ সালে লা ফিনালিসিমা আর ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের গোল।

শুধু ডি মারিয়ারই নন, তার সময়ের সব আর্জেন্টাইন খেলোয়াড়ের ক্যারিয়ারের বড় একটা সময় কেটেছে শুধুই হতাশায়। ১৯৯৩ কোপা আমেরিকার পর যে আর কোনো শিরোপাই জিততে পারছিল না আর্জেন্টিনা। অবশেষে দীর্ঘ সেই শিরোপা-খরা কাটে ২০২১ সালে, ডি মারিয়ার গোলে কোপা আমেরিকা জিতে।

শিরোনাম