নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের ৪ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দু’টি মামলা হয়েছে। গতকাল নবীনগর থানায় সোহাগের শ্বশুর মো. আবু হানিফ অজ্ঞতনামা আসামি দিয়ে একটি এজাহার দায়ের করেন। অপরদিকে সোহাগের বাবা মোহাম্মদ আমির হোসেন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
মামলার বিবরণে সোহাগের শ্বশুর আবু হানিফ জানান, সোহাগ ব্যবসার পাশাপাশি ক্ষুদ্রঋণের একটি (সমবায় সমিতি) সমিতি চালাতেন। ওই সমিতির কিস্তির লেনদেনে মোটা অংকের টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ ঋণের কারণে পারিবারিক কলহ লেগে থাকতো। তারই জেরে সোহাগ মেয়ে ও দুই নাতনিকে শ্বাসরুদ্ধ করে মেরে ফাঁসিতে ঝুলিয়ে পরে নিজেই আত্মহত্যা করে।
অপর মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জেরে সোহাগ তার স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরুদ্ধ করে মেরে ফাঁসিতে ঝুলিয়ে পরে নিজেই আত্মহত্যা করে।এর আগে রোববার সকালে পৌরসভার ২নং ওয়ার্ডের বিজয় পাড়ায় সোহাগ মিয়ার বসতঘর থেকে একই পরিবারের ৪ সদস্যকে ঝুলন্ত অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন- সোহাগ (৩৩), তার স্ত্রী জান্নাত (২৪), তাদের কন্যা সন্তান ফাহিমা (৪) ও সাদিয়া (২)।