পাবনা প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে শচীন বিশ্বাস সাজু (২২) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। গতকাল রাত ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর জিগাতলা উত্তরপাড়া মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন।
তিনি জানান, শচীন স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। ছাত্রদলের কোনো কমিটি না থাকায় কর্মী হিসেবে দলের দায়িত্ব পালন করতেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বনভোজন করছিলেন। সবাই যখন খাওয়া দাওয়া করছিল তখন শচীন মোবাইলে কথা বলতে বলতে রাস্তার ওপর যান। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে ও চাকু দিয়ে আঘাত করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিএনপি’র একাধিক নেতাকর্মী অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন।