আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা,ফেনীতে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে আগুন
ফেনী প্রতিনিধি|
ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মদিনা বাজার এলাকায় ৭৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্টে হামলা চালায় দুর্বৃত্তরা। সদর উপজেলার শর্শদিতে পেয়ার আহম্মদ (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুর করে তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত ছাত্র মাহবুবুল হাসান মাসুম নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত ৪ঠা আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২২) নামে ছাগলনাইয়া আব্দুল হক ডিগ্রি কলেজে অনার্স পড়ুয়া আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বুধবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার বাড়ি সোনাগাজীর মধ্যম চরচান্দিয়া গ্রামে। নিহতের ভাই মাহফুজুল হাসান জানান, গত ৪ঠা আগস্ট মহিপালে ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি মাহাবুবুল হাসানের মাথায় লাগে। সহপাঠীরা তাকে সেখান থেকে উদ্ধার করে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তিনদিন আইসিউতে মৃত্যুর লড়াই করে হেরে যায় মাসুম।