ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ঢাকার ধামরাইয়ে পুলিশের গুলিতে আহত হওয়ার চারদিন পর আফিকুল ইসলাম সাদ (১৬) নামের কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাদ। নিহত সাদ সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। সে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রামের শফিকুল ইসলামের ছেলে। আফিকুল ইসলাম সাদ ধামরাই পৌরসভার কায়েতপাড়া মহল্লায় ভাড়া বাসায় থেকে লেখাপড়া করতো। নিহতের বাবা শফিকুল ইসলাম জানান, আমার ছেলে সাদ শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়। গত ৫ই আগস্ট সকালেও আন্দোলনে অংশ নিতে বাসা থেকে বের হয়। সকাল ১১টার দিকে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে যাওয়া মাত্র ধামরাই থানা পুলিশ নির্বিচারে গুলি করে। এতে আমার ছেলেসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।