সাভারে গুলিতে নিহত সাজ্জাদের দাফন গাইবান্ধায় সম্পন্ন
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার সাভারে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে। ঢাকার সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম জানান, গত ৪ঠা আগস্ট একদফা অসহযোগ আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয় সজল। এরপর সজলসহ আরও কয়েকজনের মরদেহ পুলিশের গাড়িতে তোলা হয়। পরে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরপর আগুনে ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করে পরিবার। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখে সজলের মরদেহ শনাক্ত করা হয়। মঙ্গলবার রাতে সজলের মরদেহ বাড়িতে আনা হয়। বুধবার মুক্তিনগর ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
জানা যায়, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, উপজেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান প্রধান, ৪নং মুক্তিনগর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি মো. শাহ আলম প্রধানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।