সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
পরিবারের দুই ভাইয়ের মধ্যে ছোট মাহমুদুর রহমান খান সোহেল। চাকরি করতেন বেসরকারি একটি এয়ারলাইন্সের কার্গো বিভাগে। পরিবারে মধ্যে যেমন ছিলেন অনেক আদরের, তেমনি এলাকায়ও ছিলেন সকলের খুব প্রিয় একজন মানুষ। সব সময় গরিব অসহায় মানুষের পাশে থাকতেন তিনি।
সারা দেশে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তখন তিনি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। প্রতিনিয়ত রাজধানীর উত্তরায় কর্মসূচিতে সক্রিয় ছিলেন তিনি। সর্বশেষ গত ৪ঠা আগস্ট মাথায় গুলিবিদ্ধ হন সোহেল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকার বকুল খানের ছেলে মাহমুদুর রহমান খান সোহেল।