মতিঝিলে ইসলামী ব্যাংক দখল নিতে গুলি, আহত-৬

সংবাদ জমিন ডেস্কঃ
রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখলের চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় ব্যাংকটিতে বিপুল অঙ্কের ঋণ কেলেঙ্কারির প্রতিবাদে রোববার (১১ আগস্ট) বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় ব্যাংকের ভেতরে ঢুকতে ব্যর্থ হয়ে ‘বৈষম্যবিরোধী ব্যাংকার সমাজ’ ব্যানারে বিক্ষোভ করা কর্মকর্তা-কর্মচারীদের ওপর গুলি করা হয়।

এতে শফিউল্লাহ সরদার, আবদুল্লাহ আল মামুন, আবদুর রহমান, বাকি বিল্লাহসহ ৬ জন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা ব্যাংক দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে চলে গেলেও দিনভর বিক্ষোভ চালিয়ে যান কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অভিযোগ, ব্যাংকে কর্মরত এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা শতাধিক লোক নিয়ে অস্ত্রসহ কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয়া হয়। তখন ওই সন্ত্রাসীরা এলোপাতারি গুলি চালায়।

এদিকে ইসলামী ব্যাংকের দখল নিয়ে সংঘাত ও গোলাগুলিতে যারা জড়িত, তাদের শীঘ্রইর আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এক মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসলামী ব্যাংকের এ ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলা হবে। যারা দোষী, তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

শিরোনাম