থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে টিকটক, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল তরুণের

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে তিন বন্ধু টিকটক করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন পলাশ হোসেন (১৮) নামের এক তরুণ। ৬ আগস্ট তিনি নানার বাড়ির একটি কক্ষে গুলিবিদ্ধ হন। আজ সোমবার সকাল ৬টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত পলাশ সদরপুর উপজেলার আটরশি গ্রামের খাবারের হোটেলের মালিক মোশারফ হোসেনের ছেলে। পলাশ লেখাপড়া করতেন না। আটরশি মোড়ে বাবার হোটেলেই কাজ করতেন।

প্রতিবেশী ও গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ৬ আগস্ট সকালে পলাশ তাঁর বাবার হোটেলে কাজ করছিলেন। এ সময় দুই বন্ধু সদরপুর সরকারি কালেজের একাদশ শ্রেণির দুই শিক্ষার্থী পলাশকে হোটেল থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁরা একই ইউনিয়নের আড়াই রশি গ্রামে পলাশের নানা মোসলেম মাতুব্বরের বাড়িতে যান। ৫ আগস্ট সদরপুর থানা থেকে লুট করে নেওয়া একটি শটগান নিয়ে তাঁরা তিনজন ওই বাড়ির একটি কক্ষে টিকটক ভিডিও নির্মাণের প্রস্তুতি নেন। এ জন্য অস্ত্রটি একে অপরের মাথায় তাক করে অভিনয় করতে থাকেন। হঠাৎ শটগানটি থেকে গুলি বের হয়ে তা পলাশের মাথায় লাগে। গুলির শব্দ এবং পলাশের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন ছুটে যান সেই কক্ষে। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায় পলাশকে। তাঁকে প্রথমে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অবস্থার আরও অবনতি হলে ফরিদপুর থেকে নেওয়া হয় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে। সেখানে ৬ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে মারা যান পলাশ।

শিরোনাম