মানিকগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজিসহ এমন কোনো অপরাধ নেই তারা করেনি। আয়না ঘর তৈরি করে লোমহর্ষক নির্যাতন চালিয়েছে। এসব অপকর্মের নির্দেশদাতা খুনি হাসিনার মুখোশ বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে উন্মোচিত হয়েছে।
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার বেলা তিনটায় মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে আফরোজা খান রিতা আরও বলেন, লুটপাট ও দুর্নীতি করে আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ মানিকগঞ্জে বড় বড় বিল্ডিং ও অঢেল সম্পত্তির মালিক হয়েছে। অনেকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। তাদের দুর্নীতি ও লুটপাটের বিচার হতে হবে। আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী-এমপি ও দুর্নীতিবাজরা লুঙ্গি- গেঞ্জি পরে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে।