কুমিল্লায় গুলিবিদ্ধ সেই আইনজীবীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মোগলটুলী এলাকায় ৫ই আগস্ট দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ আইনজীবী আবুল কালাম আজাদ মারা গেছেন। গত বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা শাখার যুগ্ম সম্পাদক এবং কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। জানা যায়, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিকালে নগরীর প্রতিটি সড়কে বিজয় মিছিলের পাশাপাশি নানা সহিংসতাও চলে। বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লার আদালতে হামলার খবর পেয়ে সেখানে ছুটে যান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি কাইমুল হক, তার ছেলে শাফিউল হক, আরফানুল হক, আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজন আইনজীবী। পরে তারা মাগরিবের নামাজের জন্য নগরীর মোগলটুলী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা ও গুলি করে। এ ঘটনায় আবুল কালাম আজাদ কোমরে গুলিবিদ্ধ হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সংকটাপন্ন অবস্থায় ওই রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। পরে বৃহস্পতিবার বিকালে চিকিৎসকেরা আজাদকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম