পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া পিস্তল বিক্রির চেষ্টা,গ্রেপ্তার-১

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লুট হওয়া একটি সেমি অটোমেটিক পিস্তলসহ নোয়াখালীর সেনবাগ থেকে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরের দিকে আসামিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালেতে সোপর্দ করা হয়। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মতি মিয়ার হাটের পূর্ব পাশে হানিফ বাবুর্চির নতুন বাড়ি থেকে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনির আহাম্মদ (২১) উপজেলার আহাম্মদপুর গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।পুলিশ জানায়, গত ৫ই আগস্ট ঢাকাসহ সারা দেশের বিভিন্ন থানায় দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগসহ সরকারি অস্ত্রগুলো লুটপাট করে। এই লুট হওয়া অস্ত্রগুলো যাতে সন্ত্রাসী কাজে ব্যবহৃত হতে না পারে সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এর ধারাবাহিকতায় শুক্রবার সেনবাগ থানা পুলিশ বিশ্বস্ত মাধ্যমে সংবাদ পায় উপজেলার কাদরা ইউনিয়নের মতি মিয়ার হাট এলাকার মনির আহাম্মদের কাছে একটি অত্যাধুনিক পিস্তল রয়েছে। অস্ত্রটি সন্ত্রাসীদের কাছে বিক্রির চেষ্টা চলছে। পুলিশ আরও জানায়, এমন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা এলাকায় দায়িত্বশীল সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে থানা পুলিশের একটি দল রাত অনুমান সোয়া ৯টার দিকে হানিফ বাবুর্চির নতুন বাড়িতে অভিযান চালায়।

ওই সময় স্থানীয় জনগণের সহায়তায় আসামি মনিরকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি সেমি অটোমেটিক ৭.৬২ এম.এম পিস্তল উদ্ধার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় তার প্রতিবেশী ও আত্মীয় মো. কাইয়ুম অস্ত্রটি বিক্রি করার জন্য তার কাছে রাখে। অস্ত্রটি ঢাকা মেট্রোপলিটন এলাকাধীন থানা থেকে লুট হওয়া অস্ত্র।

শিরোনাম