পুঠিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। শনিবার দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। বাড়ি পুঠিয়ার পালোপাড়া গ্রামে।
জানা যায়, বেলা ১টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। একই মোটরসাইকেলে চেপে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। শিবপুরে নাটোরের দিক থেকে রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। এ সময় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান। তাই হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকেই তাদের মরদেহ বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা। আর ফাতেমাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ফাতেমাও মারা যান। এ ব্যাপারে মামলা হয়েছে।