সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারের গতিরোধ করে লক্ষাধিক টাকাসহ মোবাইল ফোন লুট করেছে ডাকাতরা। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মাসুদ রানা বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক নামক তৈরি পোশাক কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. রেজাউল করিম আশুলিয়ার দক্ষিণ গাজীরচট সিনসিন মোড় এলাকার এন আর এন নিটিং অ্যান্ড গার্মেন্টস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক।
জানা যায়, ভুক্তভোগী রেজাউল করিম সিরাজগঞ্জের বেলকুচি থেকে নিজস্ব প্রাইভেটকারযোগে ঢাকার মিরপুরে যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে তিনি কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক পোশাক কারখানা সংলগ্ন এলাকায় পৌঁছালে ৩-৪ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার গাড়ির গতিরোধ করে। পরে গাড়ির সামনে ও দুই পাশের গ্লাস ভেঙে আতঙ্ক সৃষ্টি করে এবং রেজাউল করিমের সঙ্গে থাকা ১ লাখ ১৩ হাজার টাকা, একটি আইফোন ও একটি রিয়েলমি ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা। ডাকাতের কবলে পড়া সাব্বির নামের এক যুবক বলেন, আশুলিয়ার
কাঠগড়া-টঙ্গাবাড়ি সড়কের বড়বিছা এলাকায় আমি ডাকাতের কবলে পরি। এ সময় আমি কৌশলে মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি এবং প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল করে আশুলিয়া থানায় বিষয়টি জানিয়েছি। ডাকাতির বিষয়টি স্বীকার করে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।