সাভারে ডিবি পুলিশ পরিচয়ে দূর্ধর্ষ ডাকাতি, তেলভর্তি পিকআপ লুট

সাভার প্রতিনিধিঃ
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ৬০ ড্রাম সয়াবিন তেল ভর্তি একটি পিকআপ লুট করে নিয়ে গেছে অজ্ঞাতনামা ডাকাতদলের সদস্যরা। এ সময় চালকের সহযোগী পারভেজকেও অচেতন করে নিয়ে যায় ডাকাতরা। বুধবার ভোর রাত ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর কাছে মাসুদ বডি বিল্ডার্স ওয়ার্কশপ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়,মানিকগঞ্জের ঘিওর এলাকার ব্যবসায়ী ঝন্টু সাহা অ্যান্ড সন্সের মালিক ভুক্তভোগী টিটু সাহা বলেন, সোনারগাঁও এর মেঘনা মিল থেকে ২৫ লাখ টাকা মূল্যের সয়াবিন তেল ৬০টি ড্রামে করে পিকআপযোগে মানিকগঞ্জে আনার উদ্দেশ্য রওনা করে চালক ও চালকের সহযোগী। বুধবার ভোররাত ৪টার দিকে তেলভর্তি পিকআপটি ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় পৌঁছলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িটি থামায়। এ সময় ৮-১০ জনের এক দল ডাকাত দেশীয় অস্ত্র ঠেকিয়ে চালক ও তার সহযোগীকে মারধর করে নেশা জাতীয় পানীয় খাওয়ায়। পরে চালকের সঙ্গে থাকা নগদ ১৬ হাজার টাকা, ২টি স্মার্টফোন ও তেলভর্তি পিকআপটি হেলপারসহ ডাকাতি করে নিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে লুট হওয়া তেল ও গাড়িসহ হেলপারের কোনো সন্ধান পাইনি।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, এখন পর্যন্ত তেলের পিকআপ লুট হওয়ার কোনো অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম