অতিথি পাখির অভয়ারণ্য হরিরামপুরের বিভিন্ন এলাকা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
প্রতি বছরের মতো এ বছরও মানিকগঞ্জের হরিরামপুরে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির দেখা মিলছে। উপজেলার বিভিন্ন এলাকার নদী-খাল-বিলসহ পদ্মা নদীতে জেগে ওঠা চর-সবখানেই বিচরণ তাদের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা প্রজাতির পাখিদের কলকাকলিতে মুখরিত থাকছে এলাকা। আহার ও বাসস্থানের খোঁজে দূর-দূরান্ত থেকে প্রতি বছর ছুটে আসে এসব অতিথি পাখি।

জানা যায়, প্রতি বছর শীত মৌসুমে সুদূর সাইবেরিয়াসহ বিশ্বের বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে অসংখ্য পরিযায়ী পাখি আসে বাংলাদেশে। যা অতিথি পাখি হিসেবে পরিচিত। মূলত শীতে নিজেদের জীবন বাঁচাতে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে এসব পাখি। আবার গরম পড়লে চলে যায় নিজেদের এলাকায়। দিনের বেলায় পাখিরা খাল-বিল ও নদীতে বিচরণ করে ও খাবার খায়। রাতে এলাকার বাঁশবাগান ও বিভিন্ন গাছে থাকে। সরজমিন উপজেলার গোপীনাথপুর বিল, ভাতশালা বিল, দিয়ারবিল ও পদ্মা নদীর জেগে ওঠা কয়েকটি চরে নানা প্রজাতির অতিথি পাখি দেখা যায়। এদের মধ্যে পাতি সরালি ও শামুকখোল পাখির সংখ্যাই বেশি।

আরও রয়েছে পাতি সরালি, রাজ সরালি, সারস, পানকৌড়ি, বালিহাঁসসহ নাম না জানা নানা প্রজাতির পাখি। সবচেয়ে বেশি অতিথি পাখি আসে মাছ ও পাখির অভয়াশ্রমখ্যাত উপজেলার গোপীনাথপুর বিলে।

শিরোনাম