কক্সবাজার প্রতিনিধিঃ
চকরিয়ায় বিয়ের আট মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে নিজের স্ত্রী উম্মে হাফসা তুহি (১৮)কে উপর্যুপরি ছুরিকাঘাতে করে খুন করেছে তার স্বামী শওকত হাসান মেহেদী (২৪)। এ সময় বাধা দিলে শাশুড়িকে ছুরিকাঘাত করে গুরুতর যখম করে ঘাতক।
শুক্রবার চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মজিদিয়া মাদ্রাসা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামী শওকত হাসান মেহেদী (২৪)কে চকরিয়া থানার পুলিশের বিশেষ টিম গতরাতে লামা থানাধীন ইয়াংছা এলাকায় অভিযান চালিয়ে আটক করে। খুনি শওকত হাসান মেহেদী একই উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আজম উল্লাহ পাড়ার আবুল হাসেমের ছেলে বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার এসআই মোস্তাকিম। নিহত উম্মে হাফসা তুহি চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী আবদুল হামিদের মেয়ে। এ ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন নিহতের মা পারভীন আক্তার (৩৮)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত পারভীন আক্তারকে চমেক হাসপতালে পাঠানো হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ বাদী হয়ে ৫জন এজাহার নামীয় ও আরো ২-৩ অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের করেছে।