সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের দারাখাই ও কোন্দনালা ব্রিজের উপর গাছ ফেলে দু’টি যাত্রীবাহী বাসসহ প্রায় ১০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা চালক-যাত্রীদের মারধর করে মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, ঘটনাস্থল ছাতকের শেষ এবং জগন্নাথপুর -পাগলার শুরু এলাকা।
জানা যায়, প্রায় ১৫ থেকে ১৬ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী দুইটি যাত্রীবাহী বাসসহ ১০টি ছোট-বড় গাড়ি গাছ ফেলে ব্রিজের মধ্যবর্তীস্থানে আটকে দেয়। পরে আধা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে চালক-যাত্রীদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকারসহ জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরে যাত্রীদের চিৎকার শুনে পার্শ্ববর্তী গ্রাম ও কলকলি বাজারের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কবির সংবাদ মাধ্যমকে বলেন, পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক সড়কে কুয়াশার মধ্যে রাস্তায় গাছ ফেলে আল মোবারক নামের একটি বাস ও একটি নোহা গাড়িসহ কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ঢাকাতরা পালিয়ে যায়।