নাটোর প্রতিনিধিঃ
বড়াইগ্রামে বিএনপি বিএনপি সংঘর্ষে আহত হয়েছে ২০ নেতাকর্মী।নাটোরের বড়াইগ্রামে বিএনপি’র দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ সানাসহ কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের কয়েনবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কয়েনবাজারে স্থানীয় দলীয় কার্যালয় খোলার জন্য একটি দোকান ঘর ভাড়া নেয়াকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানের সঙ্গে নগর ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে দুই প্লাটুন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে জিন্নাহ, রুবেল ও হৃদয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।