নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে ১ ব্যক্তিকে কুপিয়ে ও রগ কেটে হত্যা
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান কালিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুই জনকে আটক করেছে পুলিশ।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাবুপুর ও কুলশুর গ্রামের দুটি দলের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় বাবুপুর গ্রামের জামাল শেখের ছেলে রাতুল শেখ (২২) ও হাবি শেখের ছেলে সজীব শেখ (২০) কে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য অভিযান চলছে।