ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজা সাইফুল ইসলামের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আপন চাচা জিয়ারুল ইসলাম (৫০)। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত স্ত্রী আছমা বেগম ও ছেলে ইসমাইল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল ইসলাম (৫০) তালুক বেলকা গ্রামের মৃত জাফর আলীর ছেলে। অভিযুক্ত সাইফুল ইসলাম একই গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাতিজা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

শিরোনাম