সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত বিমানের নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ২৩ মিনিটে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা গোরস্তানে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক।
জানাজায় নিহত তৌকিরের আত্মীয়স্বজন ছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মেট্রপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু সুফিয়ান, রাজশাহী সিটির সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, প্রশাসন ও নগরীর গণ্যমান্য ব্যক্তিসহ হাজার হাজার মানুষ অংশ নেন।
এর আগে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা থেকে দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। সেখান থেকে মরদেহ নগরীর উপশহর এলাকায় তৌকিরদের ভাড়া বাসায় নেওয়া হয়। পরে সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নেওয়া হয় জানাজাস্থলে।