মাইলস্টোন ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও থামেনি মানুষের ভীড়
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তের চার দিন পেরিয়ে গেলেও থামেনি মানুষের ভীড়। দূর-দূরান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ ছুটে আসছেন ঘটনাস্থল দেখতে। কেউ বিস্ময়ে তাকিয়ে আছেন বিধ্বস্ত ভবনের দিকে, কেউবা হতবাক নিহত শিশুদের কথা মনে করে। আবার অনেকেই চোখের সামনে দুর্ঘটনার ভয়াবহতা কল্পনা করে কেঁদে ফেলেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনেই দেখা গেলো এমন চিত্র। যদিও ভেতরে প্রবেশের দুটি গেটেই বন্ধ ছিল। নিরাপত্তা রক্ষীরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। তবু শত শত মানুষ এসে দাঁড়াচ্ছেন ফটকের বাইরে। কেউ গেটের সামনে দাঁড়িয়ে ভেতরটা দেখার চেষ্টা করছেন। আবার কেউবা ভবনের ক্ষতিগ্রস্ত অবকাঠামো এক ঝলক দেখার জন্য কাঁটাতারের ফাঁক দিয়ে তাকিয়ে আছেন।