আশুলিয়ায় বিএনপি ও এনসিপির কর্মসূচি নিয়ে টান টান উত্তেজনা
ঢাকা প্রতিনিধিঃ
আশুলিয়ায় বিএনপি ও এনসিপির কর্মসূচি নিয়ে টান টান উত্তেজনা বয়ে গেল।ঢাকার আশুলিয়ায় দারুল ইহসান মাদরাসার মাঠে আজ দুপুর থেকেই সমাবেশ শুরু করেছে বিএনপি। এদিকে সন্ধ্যায় সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে বাইপাইল মোড় এলাকায় পদযাত্রা কর্মসূচি রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। কাছাকাছি স্থানে দল দুটির কর্মসূচি ঘিরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে বেলা ৩টায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে বাইপাইল এলাকায় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
সম্প্রতি কয়েক জেলায় এনসিপির পদযাত্রা ঘিরে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতি এবং দলটির নেতাদের কিছু বক্তব্যের প্রেক্ষাপটে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সাভার-আশুলিয়ায় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে আরো উত্তেজনা লক্ষ্য করা গেছে।দুই দলের সমাবেশ ঘিরে সার্বিক পরিস্থিতি মাথায় রেখে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে তারা।