স্টাফ রিপোর্টারঃ
২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ, ব্যবসায়ীরা উদ্বিগ্ন ।যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর মোট ৩৫ শতাংশ শুল্ক আদায় করা হবে। এর মধ্যে ২০ শতাংশ হলো পারস্পরিক বা পাল্টা শুল্ক এবং বাকি ১৫ শতাংশ গড় শুল্ক—যা আগে থেকেই কার্যকর ছিল। এই বাড়তি শুল্ক কে দেবে, কাদের ওপর এর প্রভাব পড়বে এবং বাংলাদেশের জন্য এর অর্থনৈতিক পরিণতি কী,তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
অর্থনীতিবিদদের পাশাপাশি ব্যবসায়ী মহল থেকেও বলা হচ্ছে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে রফতানি খাতে একটি বড় চ্যালেঞ্জ। তবে এটি শুধুই সংকট নয়, একটি সম্ভাবনাও। যারা দ্রুত রফতানি প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ ও বাজার কৌশলে পরিবর্তন আনতে পারবে, তারাই টিকে থাকবে। সরকার, ব্যবসায়ী এবং শ্রমিক, সবার সম্মিলিত প্রস্তুতি দরকার এখন। কারণ, এই নতুন শুল্ক বাস্তবতায় যে টিকে থাকবে, তার জন্য মার্কিন বাজার এখনও বিশাল সম্ভাবনার ক্ষেত্র।