স্টাফ রিপোর্টার:
খেলা দেখতে গিয়ে লাশ হলেন ৩ প্রবাসী বন্ধু।ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের ৩ জনই প্রবাসী। পাশাপাশি গ্রামে তাদের বাড়ি এবং তারা বন্ধু। একই মোটরসাইকেলে করে খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফেরেন ৩ বন্ধু। তাদের মধ্যে ২ জন ছুটি শেষে আর ক’দিন পরই প্রবাসে ফিরতেন, আরেকজন নতুন কোনো দেশে যাওয়ার প্রক্রিয়ায় ছিলেন। তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্না থামছে না পরিবারের সদস্যদের।
গত রোববার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এক সড়ক দুঘর্টনায় ৫ জন নিহত হন। এরমধ্যে সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল-আমিনের ছেলে সুমন মিয়া (২৯), সদর উপজেলার মৈন্দ গ্রামের মকবুল মিয়ার ছেলে মো. লোকমান মিয়া (৩০) ও শাহজাহান ভূঁইয়ার ছেলে মো. তুহিন ভূঁইয়া (২৯)। তারা পাশাপাশি গ্রামের এবং বন্ধু এবং ৩ জনই প্রবাসী। এ ছাড়াও বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আকরাম হোসেন (২৫), রংপুর জেলার গঙ্গাচড়া থানার খামার মোহনা গ্রামের ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১) এই দুর্ঘটনায় মারা যান।